সিলেটটুডে ডেস্ক

২৮ জুলাই, ২০২৩ ১২:৩৭

পাসের হার ও জিপিএতে মেয়েরা এগিয়ে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এবার এসএসসিতে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৫৯ হাজার ২২০ জন।

এবার ৯৮ হাজার ৬১৪ জন মেয়ে আর ৮৪ হাজার ৯৬৪ জন ছেলে জিপিএ-৫ পেয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাদ্রাসা ও কারিগরি বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, আন্তঃবোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।

শিক্ষামন্ত্রী জানান, এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮০ দশমিক ৯৪ । আর মাদ্রাসা শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাশের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী।

বরাবরের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দৌঁড়ে এগিয়ে মেয়েরা। মেয়েদের পাসের হার ৮১ দশমিক ৮৮ শতাংশ। ছেলেদের ৭৮ দশমিক ৮৭ শতাংশ।

আপনার মন্তব্য

আলোচিত