নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৩ ১৮:৩৯

ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক বিএনপির

মহাসমাবেশের পর এবার শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার তারা বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই আবস্থান কর্মসূচি পালন করবে।

রাজধানীর নয়াপল্টনে শুক্রবার বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকার পদত্যাগের এক দফা দাবিতে এ মহাসমাবেশ করে বিএনপি।

একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চ ও বিএনপির সমমনা ১২ দলীয় জোট।

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, এবার আপনাদের জন্য চমক আছে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অডিওতে বক্তব্য প্রদান করবেন।

পরে তারেক রহমান কয়েক মিনিট বক্তব্য প্রদান করেন।

এদিকে শুক্রবার মহাসমাবেশ শুরুর চার ঘণ্টা আগে সকাল ১০টার দিকেই বিএনপির নেতা-কর্মীতে ভরে যায় সমাবেশস্থল। বেলা দেড়টার দিকে পল্টন এলাকায় বৃষ্টি শুরু হয়েছিল। এ সময় মহাসমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপির অনেক নেতা-কর্মী সড়ক ছেড়ে দোকানপাটের সামনে অবস্থান নিতে থাকেন। বেলা দুইটার কিছু আগে বৃষ্টি থেমে যায়। পরে নেতা-কর্মীরা আবার সড়কে অবস্থান নেন।

তবে বৃষ্টিতে ভিজেও অনেক নেতা-কর্মী সড়কেই অবস্থান করেন। বৃষ্টি চলাকালে নেতা-কর্মীদের চাঙা রাখতে মূল মঞ্চ থেকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এক বছর ধরে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় গণসমাবেশ, পদযাত্রা, তারুণ্যের সমাবেশসহ নানা কর্মসূচির পর ঢাকায় মহাসমাবেশ করল বিএনপি।

আপনার মন্তব্য

আলোচিত