১৬ অক্টোবর, ২০২৩ ১৩:৪৩
দেশের সাত বিভাগের ২৮ জেলার আরও ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৬৫টি কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এনিয়ে দেশের ৬৪ জেলার মধ্যে ২০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার চালু হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব আই সেন্টারের উদ্বোধন করেন। এসময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটপ্রান্তে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জানা গেছে, নতুন কমিউনিটি আই সেন্টারগুলোর মধ্যে সিলেট বিভাগে ১৯টি, খুলনা বিভাগে ১৬টি, রাজশাহী বিভাগে ১৫, ময়মনসিংহ বিভাগে ২টি, চট্টগ্রাম বিভাগে ২টি, রংপুর ২টি এবং ঢাকা বিভাগে নতুন করে যুক্ত হয়েছে আরও ৯টি কমিউনিটি আই সেন্টার। এসব সেন্টারে পরীক্ষা-নিরীক্ষায় ভারী যন্ত্রপাতির মধ্যে রয়েছে ফান্ডাস ক্যামেরা, রেটিনাল লেজার মেশিন, অফথ্যালমিক সার্জিক্যাল মাইক্রোস্কোপ, ফ্যাকো মেশিন, ভিজুয়াল ফিল্ড অ্যানালাইজার, এ স্ক্যান, বি স্ক্যান, ক্যারাটোমিটারসহ অটোরিফ্লাক্টোমিটার, অ্যাপ্লানেশন টোনোমিটারসহ স্লিট ল্যাম্প।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কমিউনিটি আই সেন্টারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে। বেইজ হাসপাতালে (মেডিকেল কলেজ হাসপাতাল) কর্মরত চক্ষু বিশেষজ্ঞ ইন্টারনেট এবং আধুনিক সফটওয়্যার ব্যবহার করে কমিউনিটি আই সেন্টারে আগত রোগীদের সমন্বিত আধুনিক চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করেন।
তারা বলেন, এসব কমিউনিটি আই সেন্টার থেকে ছানি, গুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, শিশু চক্ষু রোগ, কর্ণিয়াল আলসার সহ অনান্য জটিল চক্ষু রোগ এবং চোখের আঘাত জনিত রোগীকে রেফারেল সিস্টেমের মাধ্যমে বেইজ হাসপাতালে উন্নত চক্ষু চিকিৎসা প্রদান করা, ফলে মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের কর্মপরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং রোগীদের সমন্বিত উন্নত চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত হয়েছে।
আপনার মন্তব্য