সিলেটটুডে ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩ ১২:৪৮

জন্মদিনে শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিনে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

পুষ্প অর্পণ শেষে বঙ্গবন্ধুর কন্যাদ্বয় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মোনাজাত করেন। পরে সেখানে সমাহিত স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন তারা।

এরপর থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করছে।

শেখ রাসেলের জন্মদিন সরকার রাষ্ট্রীয়ভাবে পালন করছে।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন শেখ রাসেল।

১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্য সদস্যদের মতো শিশু রাসেলও রক্ষা পাননি ঘাতকদের বুলেট থেকে। বঙ্গবন্ধুর সঙ্গে ঘাতকরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

সেদিন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় এই নৃশংসতা থেকে প্রাণে রক্ষা পান।

আপনার মন্তব্য

আলোচিত