সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩ ১১:৫১

ফিলিস্তিনিদের প্রতি শোক: ঢাকার মার্কিন দূতাবাসেও পতাকা অর্ধনমিত

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বোমা হামলায় নিহতদের স্মরণে আজ শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

শোক দিবস উপলক্ষে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতকা অর্ধনমিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

সরকারি এই সিদ্ধান্তের কারণে ঢাকাস্থ মার্কিন দূতাবাসও পতাকা অর্ধনমিত রেখেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে উদ্ধৃত করে শুক্রবার পিটার হাস বলেন, ‘সংঘাতে নিহত হওয়া প্রতিটি দেশের ও ধর্মের বেসামরিক নাগরিকদের প্রতি আমরা শোক জানাই।’

এর আগে সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে শনিবার বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সারা দেশের সব মসজিদে শুক্রবার জুমার ও অন্য ওয়াক্তের নামাজের পরে নিহত ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরায়েলের নৃশংস হামলার শিকার শুধু মুসলিমরাই নয়, খ্রিস্টান ও ইহুদিরাও এর শিকার।’

আপনার মন্তব্য

আলোচিত