০৩ নভেম্বর, ২০২৩ ০৯:২০
একাদশ সংসদের অধিবেশন শেষ হয়েছে। ৯ কার্যদিবসে বেশকিছু বিল পাসের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) ২৫তম অধিবেশনের সমাপ্তি ঘটে। অধিবেশন শেষ হলেও সংসদের স্বাভাবিক কার্যক্রম চলবে।
সমাপনী দিনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। এই সংসদের গত ২০২০ ও ২০২১ সালের বেশির ভাগ সময়ই করোনা মহামারির প্রভাবে সাদামাটাভাবে কেটেছে। করোনার কারণে মাত্র দেড় ঘণ্টায় একটি অধিবেশন শেষ করা হয়েছে, যা ছিল দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম সংসদ অধিবেশন। তবে সংবিধানিক বাধ্যবাধকতায় নিয়মিত বিরতিতেই সংসদ অধিবেশনগুলো অনুষ্ঠিত হয়। অতীতের মতো ওয়াকআউট ও বিরোধী দলের সংসদ বর্জনও হয়নি। নিয়মতান্ত্রিকভাবে প্রয়োজনীয় আইনগুলো পাস হয়েছে এই সংসদে।
একাদশ সংসদে দুটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের ৮ নভেম্বর বসে বিশেষ অধিবেশন। জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি বছরের এপ্রিলে আরও একটি বিশেষ অধিবেশন হয়। সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করে এই সংসদ রেকর্ড গড়ে। তবে কমিটিগুলোর বেশির ভাগই ছিল নিষ্ক্রিয়। সংসদ কার্যক্রম শুরুর মাত্র ১০ কার্যদিবসের মধ্যে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি করা হয়েছিল।
সংবিধান অনুযায়ী, গত বুধবার (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ৯০ দিনের ক্ষণ গণনা। কারণ চলতি সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। এর মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে ইসির বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
আপনার মন্তব্য