১০ নভেম্বর, ২০২৩ ২০:১৫
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক - এমন প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন কানাডার হাউজ অফ কমন্সের আট সদস্য।
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর কাছে চিঠিটি পাঠানো হয়। ওই আট রাজনীতিবিদ কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য।
শুক্রবার (১০ নভেম্বর) কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ব্রেড রেডেকপ এক এক্স বার্তায় (সাবেক টুইটার) বিষয়টি জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্য হিসেবে বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারির নির্বাচন (জাতীয় নির্বাচন) যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, তা নিয়ে গভীর প্রত্যাশা থেকে আপনাকে লিখছি। এই নির্বাচন বাংলাদেশের কোটি কোটি ভোটারকে দেশ পরিচালনার জন্য পছন্দের রাজনৈতিক দল বেছে নেওয়ার সুযোগ করে দেবে বলেই মনে করি। এ লক্ষ্য পূরণে আমরা কয়েকটি প্রত্যাশার বিষয় তুলে ধরছি- আমরা আশা করি, সরকার মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানাবে; আমাদের প্রত্যাশা ভোটারদের ভয়-ভীতি দেখানো, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভর্তি করে দেওয়ার মতো ভোটে অনিয়ম রোধের বিষয়টি নিশ্চিত করতে সতর্কতার সঙ্গে যথাসাধ্যভাবে সরকার কাজ করে যাবে। আমরা আশা করব, সহিংসতা রোধ এবং যেকোনো রাজনৈতিক মতাদর্শের বাংলাদেশের সব জনগণকে সুরক্ষায় সরকার সব ব্যবস্থায় নেবে। আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশের সব বৈধ ভোটারের সক্রিয় অংশগ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
চিঠিতে আরও বলা হয়, কানাডা ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট শক্তিশালী। ভবিষতে এ সম্পর্ক আরও বিকশিত হোক। দুই দেশে গণতান্ত্রিক সরকার থাকলে তখনই সম্পর্কের এ বিকাশ সম্ভব। স্বচ্ছতার সঙ্গে সব রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনি প্রক্রিয়া নিশ্চিত করে আপনার গণতান্ত্রিক ঐতিহ্য বিকাশের ধারা অব্যাহত রাখতে আপনার প্রতি আহ্বান জানাই।
আপনার মন্তব্য