কমলগঞ্জ প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০১৫ ২৩:০১

কমলগঞ্জে ২ জুয়াড়ি আটক, প্রাইভেটকার ও অটোরিকশা জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্চরণ গ্রামে জুয়ার আস্থানা ভেঙ্গে জুয়াড়িদের ব্যবহৃত চারটি প্রাইভেট কার ও দুটি সিএনজি অটোরিক্সা জব্দ করে দুই জুয়াড়িকে আটক করা হয়েছে। শনিবার রাত দেড়টায় জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) খায়রুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়।

সরেজমিনে দেখা যায়, মৌলভীবাজারের ডিবি পুলিশি অভিযানে একটি বাড়ির পুকুর পাড় ও ধানি জমির মাঝখানের জুয়ার আসরের স্থাপনা ভেঙ্গে দেওয়ায় স্থানটি খালি পড়ে আছে। মৌলভীবাজার ডিবি পুলিশের অভিযানে জুয়াড়িরা সিগারেটের খালি প্যাকেট, জুতা ইত্যাদি ফেলে গেছে। জুয়ার আসরের সাথেই গ্রাম্য রাস্তার উপর জব্দকরা জুয়াড়িদের ব্যবহৃত চারটি প্রাইভেট কার ও দু’টি সিএনজি অটোরিক্সা রয়েছে।

গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল থেকে মৌলভীবাজারের কানিয়া গ্রামের মনির মিয়ার ছেলে রুবেল মিয়া (৩৪) ও মৌলভীবাজারের বর্ষিজোড়া গ্রামের ফরিদ আলীর ছেলে জাকির আলী (২৪) কে আটক করেছেন।

রোববার ভোরে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক ইকবাল হোসেন এসে জব্দকৃত চারটি প্রাইভেট কার ও দুটি সিএনজি অটোরিক্সা মুন্সীবাজার ইউনিয়নের সদস্য শফিকুর রহমানের জিম্মায় রেখে যান। মুন্সিবাজার ইউপি সদস্য শফিকুর রহমান জুয়ার আসর ভেঙ্গে চারটি কার ও দুটি সিএনজি অটোরিক্সা তার জিম্মায় দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, থানায় উপ পরিদর্শক ইকবার হোসেন ভোরে এসে তাকে ঘুম থেকে তুলে জেলার ডিবি পুলিশের পক্ষে কারগুলো সিএনজি অটো দুটি জিম্মায় রাখতে দিয়েছেন।

এ গ্রামের লোকজন জানান, গত ৪/৫ দিন ধরে এখানে জুয়ার আসর বসেছে। বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এসে সারারাত জুয়া খেলে ভোরে চলে যেতেন। কমলগঞ্জ থানার জ্ঞাতসারেই এখানে জুয়ার আসর বসে বলে গ্রামবাসীরা জানান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এনামুল হক বলেন, এ ধরনের কোন তথ্য তাঁর কাছে নেই। জুয়াড়ি আটক করলে ডিবি করতে পারে। তাই ডিবি পুলিশের কাছ থেকে তথ্য জেনে নিতে হবে।

মৌলভীবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি) মো: আব্দুল বাসেত মোবাইল ফোনে অভিযানে ৬টি গাড়ি ও ২ ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, কমলগঞ্জ থানায় ডিবির পক্ষে মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত