সুনামগঞ্জ প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০১৫ ২১:৫৩

দিরাইয়ে সুব্রত বাইনের নামে হুমকির হিড়িক, আতংক

সুনামগঞ্জের দিরাইয়ে হঠাৎ করে দেখা দিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আতঙ্ক।

গত কয়েকদিনে সুব্রত বাইনের নামে উপজেলার বিভিন্ন পেশার মানুষের কাছে মোবাইল ফোনে মোটা অংকের টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে পরিবারের লোকদের হত্যা ও গুমের হুমকি প্রদান করা হচ্ছে। এ নিয়ে উপজেলাবাসি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরাপত্তা চেয়ে থানায় জিডি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলায় বাজারের ব্যবসায়ী প্রদিপ রায়, নির্মল রায়, রণধীর দাস, জাহির মিয়া, মতিউর রহমান, আবদুল মালীক, উপজেলা কৃষকদলের আহবায়ক সুজাত আহমেদ চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক রঞ্জন রায়, আওয়ামীলীগ নেতা শংকর নাগ, ধনীর রঞ্জন রায়, সুব্রত দাস, জাসদ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কাউন্সিলর মোশাহিদ মিয়া, সাবেক কাউন্সিলর আমির হোসেন, শিক্ষক জগদীশ রায়, প্রভাষক শোয়েব হাসান চৌধুরী, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইধন মিয়াকে বিভিন্ন সময়ে ০১৬২৫২৯৩২৬৬ ও ০১৬২৫২৯৩২০৭ নাম্বার থেকে ফোন করে টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাদেরকে অথবা তাদের পরিবারের লোকজনকে হত্যা ও গুমের হুমকি দেয়া হয় বলে তারা জানান।

কাউন্সিলর মোশাহিদ মিয়া জানান, দুটি নাম্বার থেকে আমাকে ফোন করে এক পর্যায়ে বলা হয়, আমি সুব্রত বাইন আমাকে কিছু টাকা দিতে হবে, তা না হলে আপনার ছেলেকে গুলি করা হবে।

জাহির মিয়া জানান, ফোন করে বলা হয় সুব্রত বাইনকে চিনি কি না। আমি না বলায় আমাকে গালিগালাজ করে গুমের হুমকি দেয়া হয়।

দিরাই উপজেলা শাখা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন জানান, আমার মোবাইল নাম্বারে জে এম বি র মহাসচিব আনোয়ার হোসেন পরিচয়ে ০১৮৬৩৪৮৭৮৬১ নাম্বার থেকে টাকা দাবী করা হয়, নয়ত আমার পরিবারের সদস্যকে খুন গুম করার হুমকি দেয়, আমি থানায় জিডি করেছি।

এ ব্যাপারে দিরাই থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন বলেন এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে, পুলিশ মোবাইলের কললিষ্ট সংগ্রহ করে হুমকি দাতাদের পরিচয় ও অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছে।

আপনার মন্তব্য

আলোচিত