তাহিরপুর প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২১ ২২:৫৬

‘ভূমি ও গৃহহীন পরিবারগুলোকে এবার স্বাবলম্বী করে তোলা হবে’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন, প্রধানমন্ত্রী আপনাদের যেমন ঘর দিয়েছেন জমি দিয়েছেন ঠিক সেভাবেই এবার আপনাদেরকে কাজ করার সুযোগ করে দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে। প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘরে আপনাদের বসবাস দেখে আজ আমরা খুবই আনন্দিত। আপনারা নতুন ঘর ও জমি পেয়েছেন এখন আপনাদের জীবিকা নির্বাহের জন্য আত্মকর্মসংস্থানমূলক কাজের ব্যবস্থা করে দেওয়া হবে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে নির্মিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জমি ও গৃহপ্রদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে গিয়ে সেখানে থাকা পরিবারগুলোর সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের শিমুল বাগান এলাকায় নির্মিত গৃহ ও উপহারের জমি পরিদর্শনে মহাপরিচালকের সাথে ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক
মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল-ইমরান রুহুল ইসলাম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির প্রমুখ।

এ সময় প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক তাহিরপুর উপজেলার ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো দেখে কাজের সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে গৃহহীন পরিবারগুলোকে আত্মকর্মসংস্থানমূলক কাজের ব্যবস্থা করে দেয়ার নির্দেশনা প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত