বিয়ানীবাজার প্রতিনিধি

১৮ জুলাই, ২০১৭ ১৩:৪৭

বিয়ানীবাজারে লিটু হত্যা: অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

বিয়ানীবাজার সরকারি কলেজের শ্রেণিকক্ষে গুলিতে যুবক নিহতের ঘটনায় কলেজ রোড ও নয়াগ্রাম থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করা হয়, এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৪।

সোমবার রাতে কলেজ রোডের এক সবজি বিক্রেতার চৌকির তলা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিন ছাত্রলীগ নেতাদের স্বীকারোক্তির ভিত্তিতে অস্ত্র উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। একই রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নয়াগ্রামের সাহেদের বাড়ি থেকে রাম দা এবং দেলোয়ার হোসেন মিষ্টু নামের অপর এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে।

এদিকে খালেদ আহমদ লিটু’র পিতা খলিল উদ্দিন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন। সোমবার রাতে লিটুর দাফন সম্পন্ন হওয়ার পর বিয়ানীবাজার থানায় তিনি এ মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। তিনি বলেন, নিহত ছাত্রলীগ কর্মী খালেদ আহমেদ লিটুর বাবা বাদী হয়ে ফাহাদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন।

অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন ফাহাদ আহমদ, কামরান হোসেন, এমদাদ হোসেন, কাওছার আহমদ, দেলোয়ার হোসেন মিষ্টু, শিপু ও সাহেদ। এদের মধ্যে ফাহাদ, কামরান ও এমদাদকে ঘটনার পরই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করে পরে মামলার গ্রেপ্তার হিসেবে দেখানো হয়। অপর আসামী দেলোয়ারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, সোমবার সকালে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের এক কর্মীকে শ্রেণীকক্ষের ভিতরে গুলি করে হত্যা করা হয়। নিহত ছাত্রলীগ কর্মীর নাম খালেদ আহমদ লিটু (২৩)। লিটু ছাত্রলীগের পাভেল গ্রুপের কর্মী বলে জানা যায়। তাৎক্ষনিক ওই কক্ষে অবস্থানরত অবস্থায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়, পরে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, দুপুরে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী নিহতকে নিজেদের সংগঠনের কর্মী হিসেবে দাবি করলেও রাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতকে বহিরাগত হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত