সুনামগঞ্জ প্রতিনিধি

০৯ নভেম্বর, ২০১৭ ০০:৫৭

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির মামলায় যুবলীগ নেতা চপলের জামিন

সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরে হাজার কোটি টাকার ফসলহানির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় জামিন পেয়েছেন যুবলীগ নেতা খায়রুল হুদা চপল। তিনি সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতির পদে রয়েছেন।

বুধবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. শহীদুল ইসলাম ঝিনুক ওই যুবলীগ নেতার জামিন মঞ্জুর করেন। আদালতের সরকারি কৌঁসুলি খায়রুল কবির রুমেল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। খায়রুল হুদা চপলকে গত ১৫ আগস্ট রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, সুনামগঞ্জের হাওরে ব্যাপক ফসলহানির পর গত ২ জুলাই সুনামগঞ্জ সদর মডেল থানায় হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে একটি মামলা হয়।

মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালনা কর্মকর্তা মো. ফারুক আহমেদ। এ মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৫ কর্মকর্তা ও বাঁধের কাজের ৪৬ জন ঠিকাদারকে আসামি করা হয়।

দুদক মামলা দায়েরের পর সুনামগঞ্জ পাউবোর বরখাস্ত হওয়া নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিন ও ঠিকাদার মো. বাচ্চু মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মো. আফছার উদ্দিন গত ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন পান।

সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৮২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল। তার মধ্যে গত এপ্রিল মাসে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ৯০ ভাগ ফসল তলিয়ে যায়।

এতে ক্ষতিগ্রস্ত হয় জেলার ৩ লাখ ২৫ হাজার ৯৯০টি কৃষক পরিবার। ফসলহানির পর বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে বাঁধ সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

আপনার মন্তব্য

আলোচিত