১৩ ডিসেম্বর, ২০১৭ ১৫:৪১
এবার হবিগঞ্জে বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল বাদি হয়ে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫শ’ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।
এরআগে একই অভিযোগে সিলেট, নাটোর, কুড়িগ্রাম, জয়পুরহাট ও ফরিদপুরে মামলা হয়।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও বর্তমান সরকার সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে।
শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইআর করে নিয়মিত মামলা রুজু করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদি উল্লেখ করেন, গত ১ ডিসেম্বর মাহমুদুর রহমান জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে তার বক্তৃতায় বলেছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ইংল্যান্ড লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক একজন গর্ভবতী মহিলা সাংবাদিককে বলেছেন, তিনি বর্তমানে গর্ভবতী, তাই নিজের এবং সন্তানের তার যত্নবান হওয়া দরকার। মাহমুদুর রহমান উক্ত বক্তব্যকে কটাক্ষ করে উপস্থাপন করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে ওই মহিলা সাংবাদিকের কাছে টিউলিপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার জন্য বলেন। অথচ এ বক্তব্যের সমর্থনে তিনি কোন তথ্যসূত্র উল্লেখ করেননি।
তিনি আরও বলেছিলেন, বঙ্গবন্ধুর জিন বহন করার কারণেই টিউলিপ এমন বক্তব্য দিয়েছেন। বক্তব্যটি ইউটিউবে প্রকাশ করে নৈতিকতা ও শ্রদ্ধাবোধ ভুলে জাতির জনক, তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনকের নাতনী টিউলিপ সিদ্দিককে নিয়ে কটূক্তি করে বাঙালি জাতি ও রাষ্ট্রের বিরুদ্ধে চরম অবজ্ঞা দেখিয়েছেন। এর মাধ্যমে মানসম্মানে আঘাত করা ছাড়াও স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে অস্থিতিশীল করারও চেষ্টা করা হয়েছে। তার এমন বক্তব্য ইউটিউবে প্রকাশের কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্মান ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি রাষ্ট্রে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছে। যা আর্থিক মানদণ্ডে পূরণের নয়। তবুও বাদি সংগঠনের ৫শ’ কোটি টাকার মান ক্ষুণ্ণ হয়েছে দাবি করে মামলাটি দায়ের করেন।
মামলার আইনজীবী নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু জানান, মামলার পর শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে এফআইআর করে নিয়মিত মামলা রুজু করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
এদিকে, বুধবার জয়পুরহাট অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক জয়পুরহাট খবর পত্রিকার সম্পাদক এস এম সোলায়মান আলী বাদী হয়ে মামলা করেন। মামলায় ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়। আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল বাহার মামলাটি শুনানি শেষে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ফরিদপুরে এক নম্বর আমলি আদালতে এ মানহানির মামলাটি করেন ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকতারুজ্জামান (৫০)।
বাদীপক্ষের কৌঁসুলি বিমল তুলশীয়ান বলেন, আদালতের বিচারিক হাকিম মো. মাসুদ আলী মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ২৮ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
আপনার মন্তব্য