সিলেটটুডে ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০১৭ ২৩:২৭

রামপাল, রূপপুরসহ ‘দেশবিনাশী’ প্রকল্পের বিরুদ্ধে জাতীয় সংগীত

রামপাল, রূপপুরসহ সকল 'দেশবিরোধী' সকল প্রকল্পের বিরুদ্ধে জাতীয় সংগীতের আয়োজন করেছে নগরনাট, সিলেট।

বিজয় দিবসের দিন শনিবার সকাল ১১ টায় নগরীর রিকাবিবাজারের কবি নজরুল অডিটোরিয়াম থেকে এই জাতীয় সংগীত শুরু হবে।

এ সংক্রান্ত নগরনাটের ফেসবুক ইভেন্টে লেখা রয়েছে- ‌আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি।’

যে প্রাণ, প্রকৃতি ও মানুষের জয়গাঁথা আমাদের জাতীয় সংগীত সেই প্রাণ, প্রকৃতি ও মানুষই আজ ভয়ংকর হুমকির মুখে পড়েছে সরকারের নানা হঠকারী কর্মকাণ্ডের কারণে। নানামুখি লুটতরাজের কেন্দ্রে পরিণত হয়েছে শহীদের রক্তস্নাত বাংলা। সরকার বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা বলে একদিকে ভারতীয় কোম্পানি ও দেশীয় লুটেরাগোষ্ঠীর স্বার্থে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করতে চাইছে। যা বাস্তবায়িত হলে সুন্দরবন যে ধ্বংস হবে তাতে একমাত্র সরকার ও তার চাটুকাররা ছাড়া আর দুনিয়ার আর কারোরই কোন সন্দেহ নাই। এছাড়াও সরকার দেশের নানা স্থানে ভয়াবহ পরিবেশ দূষণকারী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা করছে।

এগুলো বাস্তবায়িত হলে দেশের আকাশ-বাতাস-নদী-মাটি-জল ভয়াবহ দূষণের কবলে পড়ে পুরো দেশটাই একটা বিষাক্ত ভাগাড়ে পরিণত হবে। সারা বিশ্বের উদাহরণ সে কথাই বলে। ঠিক একই রকমভাবে সরকার জনগণের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়ে রাশিয়ান কোম্পানি ও দেশীয় লুটেরাদের স্বার্থে পাবনার রূপপুরে ব্যয়বহুল ও ভয়ানক বিপজ্জনক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করতে চলেছে। যে বিদ্যুৎকেন্দ্রে কোন দুর্ঘটনা হলে পুরো বাংলাদেশই পরিণত হবে এক মহাশ্মশানে। সোনার বাংলার সামনে যদি মহাশ্মশানে পরিণত হওয়ার হুমকি থাকে তাহলে পুরো জাতীয় সংগীতই অর্থহীন হয়ে পড়বে। যদি আকাশ-বাতাস-নদী-মাটি-জলে থাকে কয়লার ভয়াবহ দূষণ আর পারমাণবিক তেজস্ক্রিয়তা তাহলে সেই বিষাক্ত আকাশ বাতাস কি করে আমাদের প্রাণে বাঁশি বাজাবে? এই প্রশ্ন আজ বাংলাদেশের প্রতিটি জনগণের সামনে।

আর তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন জাতীয় সংগীতকে সমুন্নত রাখতে, নিজেদের অস্তিত্ব ও দেশকে সুরক্ষিত রাখার তাড়নায় আমরা রামপাল, রূপপুর সহ দেশের সকল কয়লা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবীতে জাতীয় সংগীত গাইবো, জাতীয় সংগীতের সুরে সুরে করবো গানমিছিল।

আমরা সারাদেশে ও সারাবিশ্বের যেখানেই দেশপ্রেমিক বাংলাদেশীরা আছেন তাদের সকলের কাছে আহ্বান জানাই:

১৬ ডিসেম্বরে যেকোনো সময় আপনারা যে যেখানে থাকেন সেখানেই যতজন পারেন একত্রিত হয়ে কিংবা আপনি একাই রামপাল, রূপপুর সহ সকল দেশবিনাশী প্রকল্প বাতিলের দাবীতে জাতীয় সংগীত গান। পাশে একটা প্ল্যাকার্ডে লেখা থাকুক এই দাবী। এককভাবে বা সম্মিলিতভাবে গাওয়া জাতীয় সংগীত ভিডিও করে আমাদের পেইজে আপলোড করে দিন কিংবা আমাদের কাছে পাঠিয়ে দিন।

আসুন বিজয় দিবসে গর্জে উঠি জাতীয় সংগীতের শক্তিতে! আসুন নিজেরা বাঁচি। আসুন সারাবিশ্বের কাছে আমরা এই বার্তা দেই যে সোনার বাংলার মানুষ প্রাণ-প্রকৃতিবিনাশী কোন কিছু সহ্য করবে না। আসুন লুটেরাদের হাত থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার নতুন মুক্তিযুদ্ধে সামিল হই।

আপনার মন্তব্য

আলোচিত