মৌলভীবাজার প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০১৭ ০০:৫৯

নানা আয়োজনে মৌলভীবাজার শহীদ দিবস পালন

মুক্তিযুদ্ধের গান, কবিতা পাঠ, নৃত্য ও স্মৃতিচারণের মধ্য দিয়ে মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ বেদির সামনে পতাকা উত্তোলন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানায় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মৌলভীবাজার পৌরসভা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড প্রভৃতি সংগঠন।

স্থানীয় শহীদ মিনারে ‘ফিরে দেখা রক্তের অর্জন ২০ ডিসেম্বর ১৯৭১’ শীর্ষক মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও বিষয়ভিত্তিক আলোচনার আয়োজন করে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা সংসদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু।

সাধারণ সম্পাদক আহমদ আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সাহিত্য, গান, চলচ্চিত্র, মুক্তিযুদ্ধে শিশু-কিশোরদের অংশগ্রহণ এবং মৌলভীবাজারের বধ্যভূমি নিয়ে আলোচনা করেন লোকগবেষক মাহফুজুর রহমান, প্রভাষক শক্তিপদ পাল, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, কবি জাহাঙ্গীর জয়েস ও গণসংগীত শিল্পী মীর ইউসুফ। স্থানীয় শহীদ দিবসের স্মৃতিচারণ করেন জেলা পরিষদ প্রশাসক ও মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। কবিতা পাঠ করেন আব্দুল হাফিজ চৌধুরী ইমু, জাবেদ ভূঁইয়া, হেলাল আহমদ, মাহবুবুল আলম ও মিহির তালুকদার।

দপুরে শহীদ মিনারের একই মঞ্চে ‘স্মৃতিচারণ ও মুক্তিযুদ্ধের গানে’র অনুষ্ঠান করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার শহর সংসদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের শহর সভাপতি পিনাক দেব। সাধারণ সম্পাদক মনীষা ওয়াহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন ২০ ডিসেম্বর মাইন বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সম্পাদক জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সুলেমান আলী, রথি কান্ত রায়, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি প্রশান্ত দেব প্রমুখ। পরে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করে সাংস্কৃতিক ইউনিয়ন।

এছাড়া বিকেলে শহীদ মিনারে জেলা মুক্তিযোদ্ধা সংসদ স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বালন করে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে পাকিস্তানী বাহিনীর পুঁতে রাখা মাইন ও বিস্ফোরক অপসারণ করে বিদ্যালয়ের একটি কক্ষে এনে জড়ো করা হয়েছিল। মাইন বিস্ফোরণে বিদ্যালয়ে অবস্থানকারী ২৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এর পর থেকে দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন  মৌলভীবাজারবাসী।

আপনার মন্তব্য

আলোচিত