২১ ডিসেম্বর, ২০১৭ ২১:৩১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেবরের কুড়ালের কোপে খুন হয়েছেন ভাবি। ঘটনার পরপরই ঘাতক দেবরকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভূনবী ইউনিয়েনের আলিশারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভাবি ছালেকা বেগম (৫৩) বসতভিটার কলের পাড়ে বসে বাসন মাজছিলেন। এসময় পেছন থেকে এসে দেবর মো. নূর মিয়া (৪০) কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন তার ভাবিকে। প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ছালেকা।
নিহত ছালেকার স্বামীর নাম নিমবর মিয়া। আর ঘাতক মো. নূর মিয়া ওই এলাকার মৃত সুরত আলীর মেঝো ছেলে।
স্থানীয়ভাবে জানা যায়, নূর মিয়া একজন মানসিক রোগী। তিনি দীর্ঘদিন সিলেটে মানসিক রোগের চিকিৎসা নিয়েছিলেন। মানসিক উত্তেজনা বাড়লে তাকে শিকল দিয়ে বাড়িতে বেঁধে রাখা হত। উত্তেজনাবশত তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে মনে করছেন অনেকে।
পারিবারিক সূত্রে জানা যায়, বছর খানিক ধরে নূর মিয়া সুস্থ আছেন। যখন মানসিক রোগ বেড়ে যায়, তখন তিনি তার বড় ভাই ও ভাবিকে দেখতে পারেন না। তাদের উদ্দেশ্য করে অকথ্য গালিগালাজও করে থাকেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ছালেকা বেগমের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য