২৭ ডিসেম্বর, ২০১৭ ১৪:০০
ছাতকে অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনকালে হাদা-চানপুর প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলপ্রত্যাশী জাহাঙ্গীর (১২) মৃত্যুবরণ করেছে। সে দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের শারফিন নগর গ্রামের আফিজ আলীর পুত্র।
বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ইসামপুর ইউনিয়নের হাদা-টিলায় গ্রামের ইয়াসিন আলীর পুত্র আলালের গর্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে টিলা খেকোচক্র লাশ গুম করার পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠে। পরে পুলিশ এসে অনুসন্ধানের পর লাশ উদ্ধার করে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) মো. দোলন মিয়া জানান, টিলা কেটে উত্তোলিত পাথর টলি দিয়ে পরিবহনের সময় অসাবধানতাবশতঃ টলি থেকে ছিটকে পড়ে শিশুটি মৃত্যুবরণ করেছে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে টিলা কাটার মালিক ও শ্রমিকরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
সূত্রে জানা গেছে, হাদা টিলা এলাকায় দীর্ঘদিন থেকে প্রশাসনের সহযোগিতায় অবৈধভাবে টিলা কেটে কোটি কোটি টাকার পাথর উত্তোলন করা হচ্ছে। ফলে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে ছাতক সিমেন্ট কারখানার রোপওয়ে ও ভোলাগঞ্জ রোপওয়ের একাধিক ট্যাসেল। এখানে পাথর উত্তোলনের সময় আরো একাধিক মৃত্যুবরণকারী শ্রমিকের লাশ গুম করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
আপনার মন্তব্য