বড়লেখা প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০১৮ ১২:২৮

কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাওনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের নিন্দা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ আলম শাওনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলা যুবলীগ ও সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শনিবার (২৮ এপ্রিল) রাতে পৃথক বিবৃতিতে তারা এর প্রতিবাদ জানান। শাহ আলম শাওনের বাড়ি বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে।

বড়লেখা উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক কামাল হোসেন এবং দপ্তর সম্পাদক জাবের আহমদ কবিরের স্বাক্ষরিত বিবৃতিতে বলেন, ‘শাহ আলম শাওনের বাবা-চাচা ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। শাওন আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমাদের জানামতে শাওন স্কুল পড়ুয়া অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ ছাত্রলীগ নেতা শাওনকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এদিকে সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল এবং সাধারণ সম্পাদক সাহেদুল মজিদ নিকু যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহ আলম শাওন বড়লেখা উপজেলার সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সন্তান। তাঁর দাদা মরহুম মোজাহিদ আলী, বাবা মো. ফরিজ উদ্দিন, চাচা মো. আমির উদ্দিন বংশপরম্পরায় আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। শাওনের দাদা মরহুম মোজাহিদ আলী মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। বাবা মো. ফরিজ উদ্দিন সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাঁর চাচা মো. আমির উদ্দিন ছাত্রজীবনে সিলেট মদন মোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা ছিলেন। তাঁরা প্রত্যেকেই বিদেশে থেকে সবসময় সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগকে সংগঠিত করতে সহায়তা করছেন। ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুচক্রিমহল শাহ আলম শাওনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট উক্তিতে ঘৃণ্য মানহানীকর অপপ্রচার চালাচ্ছে। যা অত্যন্ত দু:খজনক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

আপনার মন্তব্য

আলোচিত