ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

০১ মে, ২০১৮ ১০:৫৮

সিলেট-৩ সংসদীয় আসনে যুক্ত হল বালাগঞ্জ উপজেলা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশে ২৫টি আসনের সাথে সিলেট -৩ আসনে পরিবর্তন এনে বালাগঞ্জ  উপজেলাকে অন্তর্ভুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

সোমবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত ওই গেজেট প্রকাশ করা হয়।

এ গেজেটে উল্লেখ করা হয়, ফেঞ্চুগঞ্জ উপজেলা, বালাগঞ্জ উপজেলা এবং দক্ষিণ সুরমা উপজেলা নিয়ে সিলেট -৩ আসনের সংসদীয়  সীমানা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সিলেট -৩  সংসদীয় আসনে ফেঞ্চুগঞ্জ উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা ও বালাগঞ্জ একাংশ ছিল।

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশন গত ১৪ মার্চ ৩৮টি আসনের সীমানা পরিবর্তন এনে ৩০০ আসনের খসড়া গেজেট আকারে প্রকাশ করে। এর পক্ষে-বিপক্ষে দাবি ও আপত্তি গ্রহণ করে কমিশন।

এতে আপত্তি জানিয়ে ৪০৭টি এবং ইসির পক্ষ সমর্থন করে ২২৪টি আবেদন জমা পড়ে। এসব আপত্তির পর গত শনিবার থেকে শুনানি শুরু হয়। শুনানি শেষে সোমবার (৩০ এপ্রিল) চূড়ান্ত গেজেট প্রকাশ করে ইসি।

আপনার মন্তব্য

আলোচিত