কমলগঞ্জ প্রতিনিধি

০২ মে, ২০১৮ ১৬:৩৭

শমশেরনগর চা বাগানে শ্রমিক সমাবেশ, ২০ দফা বাস্তবায়নের দাবি

মহান মে দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগান নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালি কার্যকরী পরিষদের উদ্যোগে এক বিরাট চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ মে) দুপুর সাড়ে ১২টায় সমাবেশে মনু-ধলই ভ্যালির (অঞ্চল) ২৩টি চা বাগানের ২৩টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, চা শ্রমিকবৃন্দ ও চা ছাত্র-যুব পরিষদ, চা শ্রমিক নারী পরিষদের প্রায় পাঁচ সহস্রাধিক চা শ্রমিক উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী। প্রধান বক্তা ছিলেন ৪নং শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ।

সমাবেশে বক্তারা বলেন, এক বছর অতিক্রম করার পরও চা বাগান শ্রমিকদের নতুন মজুরি চুক্তি হচ্ছে না চা বাগান মালিকপক্ষের সাথে। নারী চা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান, গ্রুপবীমা, বৈদ্যুতিক সংযোগসহ ২০ দফা ও অবিলম্বে নতুন মজুরি চুক্তি করে তা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

মনু-ধলই ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি গোপাল নুনিয়ার সভাপতিত্বে এবং চা শ্রমিক নেতা লছমন মাদ্রাজী ও সনৎ কুমার কৈরীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মনু-ধলই ভ্যালি কার্যকরী পরিষদের সহসভাপতি গায়ত্রী রানী রাজভর, সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতি, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী, শমশেরনগর ইউপি সদস্য নমিতা সিং, ছাত্রনেতা মোহন রবিদাস, সমাজসেবক এম. এ. আহাদ, সিতাংশু রঞ্জন পাল, চা শ্রমিক নারী পরিষদের সভানেত্রী মেরী রাল্ফ, চা শ্রমিক নেতা দেবাশীষ চক্রবর্তী শিপন, শংকর ব্যুনার্জী, শিউ নারায়ণ শীল, নৃপেন্দ্র বাউরী, গণেশ পাত্র, দেওনারায়ণ পাশি, রামযতন কৈরী, নিরঞ্জন তন্তবাই, উমাশংকর গোয়ালা, রবি বাউরী, নারদ পাশি, রাখাল গোয়ালা, শিবলাল কৈরী প্রমুখ।

সমাবেশে বক্তারা কর্মক্ষেত্রে নারী চা শ্রমিকদের নিরাপত্তা, আশ্রয় কেন্দ্র স্থাপন, দৈনিক মজুরী ২৩০ টাকায় উন্নীত করা, চা শ্রমিকদের গ্রুপ বীমা, গ্রেজ্যুয়েটি প্রদান, শ্রমিক ঘরে মাটির দেয়ালের কাজের টাকা প্রদান, চা শ্রমিকের ঘরে বৈদ্যুতিক সংযোগ স্থাপন সহ মোট ২০টি দাবি তুলে ধরা হয়। অবিলম্বে এসব দাবি বাস্তবায়ন করারও জোর দাবি জানানো হয়। যেহেতু চা শ্রমিক ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কয়েক মাস আগে সেহেতু অবিলম্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচন দিতে হবে। চা শ্রমিকরা মনে করেন চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলে নির্বাচিত প্রতিনিধিদের সাথে সরকার ও চা বাগান মালিক পক্ষের ত্রিপক্ষীয় সভায় মজুরি বৃদ্ধসহ এসব যৌক্তিক দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ট্রাক, বাস, মোটরসাইকেল ও ট্রাক্টর যোগে কমলগঞ্জ উপজেলার ২১টি ও কুলাউড়া উপজেলার ২টি চা বাগান থেকে নারী-পুরষ চা শ্রমিকরা এসে সমাবেশস্থলে জমায়েত হয়। সকাল ১১টায় মে দিবস উপলক্ষে এক বিরাট র‌্যালি বের হয়। র‍্যালিটি শমশেরনগর বাজার প্রদক্ষিণ শেষে বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালি কার্যকরী কমিটির আয়োজনে এক বিরাট চা শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সিপিবি কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে মৃর্তিঙ্গা চা বাগানে মঙ্গলবার (১ মে) বিকাল ৪টায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাগানের চা শ্রমিক দীপন উরাং-এর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপিবি কমলগঞ্জ শাখার সভাপতি আহমেদ সিরাজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রভাষক দীপঙ্কর উরাং।

সমাবেশ সিপিবির উদ্যোগে চা বাগান শ্রমিক ইউনিয়নের একটি আহবায়ক কমিটি গঠন করা যায়। মিঠুন উরাংকে আহবায়ক ও বিশ্বজীৎ উরাং এবং সুবানী উরাংকে যুগ্ম আহ্বায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট চা বাগান শ্রমিক ইউনিয়নের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত