০৩ মে, ২০১৮ ১৫:৫৩
সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ মে) সকালে সিএমএম আদালতে এই ঘটনাটি ঘটে।
আদালতে উপস্থিত আইনজীবীসহ একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে শংকু রানী সরকার নামের এক নারী আদালতের ভেতরে বসা ছিলেন। আদালতের কার্যক্রম শুরু হলে আদালতের কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আদালত কক্ষ থেকে বাহিরে অপেক্ষা করতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শংকু রানী নিজেকে একজন কর আইনজীবী, মানবাধিকার কর্মী ও আওয়ামী লীগ নেত্রী দাবি করে হইহুল্লা শুরু করলে আদালতে উপস্থিত আইনজীবীসহ অন্যান্যরা শংকু রানীকে নির্বিত্ব করার চেষ্টা করেন। এক পর্যায়ে এডভোকেট ফুরাইম হোসেনসহ অন্যান্য আইনজীবীদের সাথেও বাক বিতণ্ডায় জড়ান ওই নারী।
পরবর্তীতে শংকু রানী আদালত কক্ষ থেকে বেরিয়ে আসার সময় পুলিশসহ অন্যান্যদের অকত্য ভাষায় গালিগালাজ করে মারমুখী আচরণ করে পুলিশ সদস্যদের কিলঘুসি মারতে থাকেন। এতে দুই নারী পুলিশসহ মোট ৩ পুলিশ সদস্য আহত হন। আহত ৩ পুলিশ সদস্য হলেন: রাহাত, শিউলি ও লিজা।
ঘটনার আকস্মিকতায় আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু আদালতের কার্যক্রম কিছুক্ষণের জন্য মুলতবি ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে মহানগর দায়রা জজ আদালতের পেশকার মো. আইয়ুব আলী।
সিলেটের কোতোয়ালি থানার (ওসি) গৌছুল আলম সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, এই ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যে আটক শংকু রানীকে আদালতে পাঠানো হবে।
আপনার মন্তব্য