গোয়াইনঘাট প্রতিনিধি

১৭ মে, ২০১৮ ১৭:৫৮

দুর্বৃত্তের হামলায় নুরুল নিহতের ঘটনায় মামলা হয়নি, গ্রেপ্তার ৭

সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত নুরুল ইসলাম দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি। ঘটনার পরপরই থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করে।

বুধবার (১৬ মে) বাদ মাগরিব নামাজে জানাজা শেষে গোয়াইন পশ্চিমপাড়া গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার (১৭ মে) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গোয়াইনঘাট থানার অফিসার (তদন্ত) হিল্লোল রায় জানান, নুরুল খুনের ঘটনায় এখনও পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে পুলিশি ধরপাকড়ের আতঙ্কে লাবু এবং পরগনা বাজার এলাকা জনশূন্য হয়ে পড়েছে। সরেজমিন লাবু, পরগনা বাজারে গেলে এলাকাবাসী জানান, নিরীহ মানুষদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। ছাত্র-শিক্ষকসহ কেউ রেহাই পাচ্ছেন না পুলিশি অভিযান থেকে। শিক্ষার্থীরা যেতে পারছে না স্কুল-কলেজে। গ্রামে পুরুষ না থাকায় তাদের গরু, মহিষ লুট হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

পরিদর্শনকালে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, নিহত নুরুলের উপর হামলার প্রাক্কালে তাঁর সাথে ছিলেন লাবু গ্রামের আমির উদ্দিন। হামলার ঘটনায় মারাত্মক আহত হয়ে তিনি আত্মগোপনে রয়েছেন।

এলাকাবাসীর ধারনা আমির উদ্দিনকে উদ্ধার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে এই খুনের সাথে জড়িত মুল খুনিদের সনাক্ত করা যাবে।

প্রসঙ্গত, ১৫ মে দিবাগত রাতে নুরুল ইসলাম পরগনা বাজার থেকে তার নিজ গ্রাম দেওয়ারগ্রামের বাড়ীতে যাবার পথে পরগনা বাজারের দক্ষিণে একটি বাঁশের সাকুতে দুর্বৃত্তদের নির্মম হামলায় আহত হলে হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত