১৮ মে, ২০১৮ ০০:৪২
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিরাজনগর এলাকার শিশু আশরাফুল ইসলামকে (১২) অপহরণ করে মুক্তিপণ না পেয়ে হত্যা করার অপরাধে মাহফুজুর রহমান লুবান (২৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ মে) বিকেলে মৌলভীবাজার দায়রা জজ আদালতের বিচারক শেখ আবু তাহের এই রায় দেন। মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম আজাদুর রহমান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম আজাদুর রহমান জানান, ২০১৪ সালের ১ মার্চ আশরাফুলের প্রাইভেট শিক্ষক মাহফুজুর রহমান লুবান তাকে অপহরণ করে মুক্তিপণ দাবী করে।
পরে মুক্তিপণ না পেয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এই ঘটনায় নিহত আশরাফুল এর নানী মোছা. রাবেয়া বেগম ২ মার্চ ২০১৪ তারিখে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মৌলভীবাজার জজ আদালতের অফিস সহায়ক জিয়ার হোসেন জানান, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত মাহফুজুর শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজ নগর এলাকার মাহবুবুর রহমানের ছেলে। মাহফুজুর আশরাফুলকে প্রাইভেট পড়াতেন।
জানা যায়, ঘটনার দিন মাহফুজুর রহমান তাকে হাটার কথা বলে একটি ঘরে আটকে রেখে তার পরিবারের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। টাকা না পেয়ে মাহফুজ আশরাফকে খুন করে।
আপনার মন্তব্য