১৮ মে, ২০১৮ ১৮:০৩
একে তো শুক্রবার, তারউপর রমজানের প্রথমদিন- তাই আজ সকাল থেকে পুরো দিন প্রায় ফাঁকা নগরী। সড়কে যানবাহনের তেমন ভিড় নেই, মানুষজনও নেই খুব একটা। বিকেল থেকে আস্তে আস্তে সরব হতে থাকে নগর। বিভিন্ন ইফতারসামগ্রীর দোকানে ভিড় করতে থাকেন ক্রেতারা।
শুক্রবার প্রথম রমজানেই নগরীর ইফতারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। প্রথমদিন বেচাকানা ভালো হয়েছে বলেই জানিয়েছেন বিক্রেতারা। আর ক্রেতাদের অভিযোগ দাম নিয়ে। এবার ইফতার সামগ্রী দাম অনেক বেড়েছে বলে দাবি করেছেন তারা।
রমজান উপলক্ষ্যে নগরীর সব রেস্টুরেন্টের সামনে ইফতার সামগ্রী বিক্রির জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। রেস্টুরেন্ট ছাড়া নগরীর কয়েকটি স্থানে গড়ে উঠেছে অস্থায়ী ইফতারির দোকান। এসব দোকান নানা ইফতার সামগ্রীর পসরা নিয়ে বসেছেন বিক্রেতারা। খিচুড়ি, আখনি, খেজুর, বেগুনী, আলুচপ, শাক, শরবত, কাঁচা চানা, চানা ভুনা, জিলাপি, পেঁয়াজুসহ নানা পদের ইফতার সামগ্রী রয়েছে এসব দোকানে।
নগরীর জিন্দাবাজারে ইফতার সামগ্রী কিনতে আসা রশিদ উদ্দিন বলেন, জিলাপী ও কিছু চপ-পিয়াজু কিনেছি। এগুলো আজকে বাসায় বানানো হয়নি।
তিনি বলেন, গতবছর থেকে এবার ইফতার সামগ্রীর দাম অনেকটা বেড়ে গেছে।
জিন্দাবাজারের কাশফুল রেস্টুরেন্টের বিক্রয়কর্মী আব্দুস সাত্তার বলেন, প্রথমদিনে ভালোই বেচাকেনা হয়েছে। দিনদিন ব্যবসা আরো বাড়বে।
সব পণ্যের দাম বাড়ায় ইফতারসামগ্রীর দামও কিছুটা বেড়েছে বলে জানান তিনি।
আপনার মন্তব্য