বাহুবল প্রতিনিধি

২৮ মে, ২০১৮ ১৩:০৯

বাহুবলে যুবকের হাত ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২৮ মে) সকালে উপজেলার আলীফ সোবহান ডিগ্রি কলেজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে গাড়ি থেকে মরদেহটি এখানে ফেলে রেখে গেছে। মরদেহের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখ ও দুই হাত পেছনে বাঁধা রয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ঘটনার পর নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম ও বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানা যায়।

আপনার মন্তব্য

আলোচিত