২৮ জুন, ২০১৮ ১৬:৩৯
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ২০১৭-২০১৮ অর্থবছরে সিলেট জেলার ৩৫ জন অসচ্ছল সংস্কৃতিসেবীকে বিভিন্ন হারে মাসিক কল্যাণ ভাতা হিসেবে ৬ লক্ষ ২১ হাজার ৬শত টাকা এবং ৯টি সক্রিয় সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে বিভিন্ন হারে অনুদান হিসেবে ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুন) দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের মধ্যে চেক বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।
ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
মুক্তিযুদ্ধের ইতিহাস, শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিকাশ ও সৃজনশীল বাংলাদেশ গড়ার আন্দোলনে এই সকল সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বলিষ্ঠ অংশগ্রহণ ও ভূমিকা ছিল, ভবিষ্যতেও থাকবে এবং সরকারের ভাতা ও অনুদান প্রদানের মতো এ জাতীয় প্রশংসনীয় মহতী কার্যক্রমের ধারাবাহিকতাও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।
আপনার মন্তব্য