গোলাপগঞ্জ প্রতিনিধি

০২ জুলাই, ২০১৮ ২৩:১৬

গোলাপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

সিলেটের গোলাপগঞ্জের পৌর এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২ জুলাই) বিকেলে সাব্বির আহমদ (১৮) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১ জুলাই) ভোর রাতে উপজেলার পৌর এলাকার নুরুপাড়ায় এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত যুবক একই এলাকার নিজাম উদ্দিনের পুত্র। এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (১/তারিখ-২-০৭/১৮ ইং) দায়ের করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে ওই শিশুর প্রতিবেশী সাব্বির আহমদ জোর করে ঘরে প্রবেশ করে। এসময় সাব্বির শিশুর বৃদ্ধ মা-বাবাকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশু ও তার মা বাবার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন।

তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে শিশুর মা-বাবা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানায় অবগত করেন।  একই দিন বিকেলে পুলিশ উপজেলার রণকেলী থেকে অভিযুক্ত সাব্বির আহমদকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টুয়েন্টিফোরকে জানান, ঘটনার পর পুলিশ অভিযুক্ত সাব্বিরকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত