নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০১৮ ১৪:৪০

মেয়র প্রার্থী জুবায়েরকে শোকজ করলো নির্বাচন কমিশন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নেয়া সিলেট মহানগর জামায়াতের আমির এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে শোকজ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর অভিযোগে মঙ্গলবার তাকে শোকজ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার উত্তম কুমার রায়।

নির্বাচন কমিশনের এ কর্মকর্তা জানান- সোমবার (২ জুলাই) সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকায় এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের একাধিক নির্বাচনী প্রচারণার সংবাদ ছাপা হয়। প্রকাশিত সংবাদগুলো নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হলে তা আমলে নিয়ে মঙ্গলবার এহসানুল মাহবুব জুবায়েরের বিরুদ্ধে একটি শোকজ চিঠি ইস্যু করে নির্বাচন কমিশন।

এ সময় নির্বাচন কমিশন আগামীকাল বুধবারের (৪ জুলাই) মধ্যে তাকে আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর ব্যাপারে জবাবদিহি করার নির্দেশ প্রদান করে।

এ ব্যাপারে এহসানুল মাহবুব জুবায়ের সিলেটটুডে টোয়ান্টিফোরকে বলেন, আমি এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিনি এবং শোকজের বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কোন চিঠি আসেনি।

এসময় সুষ্ঠ নির্বাচনের লক্ষে সবাইকে আচরণবিধি মেনে চলার আশা ব্যক্ত করেন এই জামায়েত নেতা।

আপনার মন্তব্য

আলোচিত