১৯ জুলাই, ২০১৮ ১৯:০৩
সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও সিলেট শিক্ষা বোর্ডে শতভাগ পাসের রেকর্ড গড়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৩১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২৯৬ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-৫ তাদের দখলে। এছাড়া 'এ' পেয়েছে ২২৫ জন। এ মাইনাস ৯ জন ও ১ জন পেয়েছে বি গ্রেড।
প্রতিষ্ঠানের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধ্যক্ষ লে. কর্নেল শাখাওয়াত হোসেন। ভবিষ্যতেও এমন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আরিফ সেলিম রেজার নেতৃত্বে ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য সচিব মেজর কামাল হোসেন।
এদিকে জেসিপিএসসি এলামনাই এসোসিয়েশনের সভাপতি সৈয়দ তানভির আলম সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন উত্তীর্ণদের। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি তাদের সাথে সংগঠনের হয়ে কাজের প্রত্যয় ব্যক্ত করেন।
এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ১১ শতাংশ, যা গতবছরের থেকে ৯ দশমিক ৯২ শতাংশ কম। গত বছর পাসের হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৮৭৩ জন শিক্ষার্থী, যা গতবারের তুলনায় ১৭৩টি বেশি। গত বছর সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পায় ৭০০ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৬ দশমিক ৬৪ শতাংশ, যা গতবারের চেয়ে ২ দশমিক ২৭ শতাংশ কম। গতবার গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ। এ বছর ১০টি বোর্ডে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন। পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন শিক্ষার্থী। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন। গতবার পেয়েছিলেন ৩৭ হাজার ৯৬৯ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৭০৭ জন।
আপনার মন্তব্য