সিলেটটুডে ডেস্ক

২৩ জুলাই, ২০১৮ ১৬:৫৬

সিলেট নগরবাসী আমার স্বপ্নসারথী: কামরান

সিলেট সিটি করপোরেশন নির্বাচন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সিলেট নগরীর লোকজন আমাকে বারবার তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। অনুপ্রেরণা যুগিয়েছেন নব উদ্যমে এগিয়ে চলতে। তাদের ভালোবাসা ও সমর্থন আমার মনে নতুন নতুন স্বপ্ন রচনা করে। এ নগরবাসীই আমার স্বপ্নদ্রষ্টা, আমার স্বপ্নসারথী।

সোমবার (২৩ জুলাই) নগরীর ২১নং ওয়ার্ডের সোনারপাড়া, হাতিমবাগ, গোলাপবাগ ও শাপলাবাগ এলাকায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়ে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, নৌকার পক্ষে নগরে গণজোয়ার ওঠেছে। জনতার রায়ে নির্বাচনে নৌকারই বিজয় হবে।

তিনি বলেন, মেয়র থাকাকালে নগরীর উন্নয়নে মাস্টারপ্ল্যান গ্রহণ করেছিলাম। নির্বাচিত হলে সেই মাস্টারপ্ল্যান অনুযায়ী এবার পুরো নগরীকে সাজাবো।

সহজ-সরল নগরবাসীকে কেউ কেউ বিভ্রান্ত করার চেষ্টা করছেন উল্লেখ করে কামরান বলেন, কারো ধোঁকাবাজিতে বিভ্রান্ত হবেন না। সুন্দর ও আধুনিক নগরী গড়তে সবাই নৌকা প্রতীকে ভোট নিজেদের মূল্যবান রায় দিন।

সকালে বদর উদ্দিন আহমদ কামরান সোনারপাড়া এলাকায় গণসংযোগ করেন। পরে তিনি হাতিমবাগ, গোলাপবাগ ও শাপলাবাগ এলাকায়ও গণসংযোগ করেন।

এসব এলাকার গেলে লোকজন নৌকার পক্ষে নানা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এ সময় তিনি সবার সাথে কোশল বিনিময় করে দোয়া ও সমর্থন চান। স্থানীয় লোকজনও কামরানকে সমর্থন জানিয়ে তাকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী মিলন, সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, শাপলা সংঘের সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন, সোনারপাড়ার মুরব্বি মাতাব মিয়া, কামরুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, মিন্টু তালুকদার, নাজমুল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত