২১ অক্টোবর, ২০১৫ ১৬:০৬
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। বুধবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল হোসেন ৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। এনিয়ে এই মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো।
বুধবার আবদুল মতিন, আবদুল কাইয়ূম ও ঈমান আলী সাক্ষ্য প্রদান করেন।
সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ২৮ ও ২৯ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন বলে জানান ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর।
সাক্ষ্যগ্রহণের সময় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়া কারান্তরিণ ও জামিনে থাকা সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর সাক্ষ্য দেন মামলার বাদী হবিগঞ্জ-২ আসনের সংসদ ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান। ওই মামলায় ১৭১ জনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে বলে জানিয়েছেন পিপি কিশোর কুমার কর।
গত ১৩ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় অর্থমন্ত্রী ছিলেন কিবরিয়া।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান ওই রাতেই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।
তিন দফা তদন্তের পর এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল ২০১৪ সালের ২১ ডিসেম্বর আরিফুল, গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে মোট ৩২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেন।
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি বিচারের জন্য গত ১১ জুন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।
আপনার মন্তব্য