ওসমানীনগর প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০১৭ ১৩:৫৮

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

ওসমানীনগরের গোয়ালাবাজারে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার গোয়ালাবাজার ইউপির জায়ফরপুর গ্রামের মৃত আব্দুন নূর গজনবীর বাড়িতে এ ডাকাতির ঘটনাটি ঘটে।

ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন, মূল্যবান সামগ্রীসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে বাড়ীর বাসিন্দা সূত্রে যানা যায়।

মৃত আব্দুন নূর গজনবীর ছেলে বদরুল ইসলাম গজনবী ও ভাতিজা মাও. আব্দুল মতিন গজনবী বলেন, বুধবার রাতের কোন এক সময়ে ১৪/১৫ জনের মুখোশ পড়া ডাকাত দল তাদের বসত ঘরের প্রধান ফটকের স্টিলের গেইটের তালা তালা ও দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে।

এসময় ডাকাত দল অস্ত্রের মুখে ঘরের সকলকে জিম্মি করে হাত পা বেঁধে ২২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা, ৪টি মোবাইল সেটসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায়। তিনি আরো বলেন যে, ডাকাতরা যা যা নিয়ে গেছে তার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ্য টাকা হবে।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. সাইফুল ইসলাম, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা ডাকাতির স্থল পরিদর্শন করেন।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত