১৬ ডিসেম্বর, ২০১৭ ১৪:০২
মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে জনতার। বিজয় দিবসের শুরুতেই ভোর ৬টা ৩১ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে একাত্তরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষ।
শনিবার সকালে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন। তারপর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ড।
এরপর একে একে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর, বিএনপি সিলেট জেলা ও মহানগর, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, বাংলাদেশ ছাত্রলীগ জেলা ও মহানগর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা ও মহানগর, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, উদীচী শিল্পীগোষ্ঠী, খেলাঘর, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
এছাড়াও সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ।
এর আগে বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন করে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে দুপুর ২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সদস্যরা।
এর আগে প্রশাসনের সিদ্ধান্তে সিলেটে গত ২৬ মার্চে স্বাধীনতা দিবসের শ্রদ্ধা নিবেদন প্রথম প্রহরের পরিবর্তে ভোর ৫টা ৫৭ মিনিট থেকে শুরু হয়েছিলো।
আপনার মন্তব্য