বিয়ানীবাজার প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৭ ১৬:৪০

বিয়ানীবাজারে পুুলিশের অভিযানে শিবিরের ‘সাথী’ গ্রেপ্তার

বিয়ানীবাজার পৌরশহরের মোকাম মসজিদ এলাকা থেকে পুলিশ আজ শনিবার ভোরে ছাত্র শিবিরের এক ‘সাথী’কে গ্রেপ্তার করেছে। পুলিশের জানিয়েছে, শিবির নেতাকর্মীরা আজ ভোরে উদ্দেশ্যমুলক জড়ো হওয়ার তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

তবে জামায়াতে ইসলামীর দাবি, বিজয় শোভাযাত্রার প্রস্তুতিকালে পুলিশের অভিযানে তাদের এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

আজ (১৬ ডিসেম্বর) ভোর ৬টার দিকে পৌরশহরের মোকাম মসজিদ এলাকাসহ আশপাশ এলাকায় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছাত্র শিবিরের সাথী আতিক হাসানকে গ্রেফতার করে। তার বাড়ি মুড়িয়া ইউনিয়নের বাগন গ্রামে।

উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, বিজয় দিবসের বিজয় শোভাযাত্রার প্রস্তুতিকালে পুলিশ এসে ছাত্র শিবির নেতা আতিক হাসানকে গ্রেফতার করেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বলেন, বিজয় দিবসের ভোরে দক্ষিণবাজারে জামায়াতে ইসলামী ও শিবির নেতাকর্মী জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় শিবিরের এক সাথীকে গ্রেফতার করা হয়েছে। তবে কি কারণে তারা জড়ো হয়েছিল, কি উদ্দেশ্য ছিল তা এখনি বলা যাচ্ছে না।

আপনার মন্তব্য

আলোচিত