২৪ ডিসেম্বর, ২০১৭ ১০:০৬
মৌলভীবাজারে ছাত্রলীগের দুই কর্মী খুনের ঘটনার সন্দেহভাজন মূল আসামিরা এখনও ধরা পড়েনি। এনিয়ে নিহত দুই ছাত্রের পরিবারে হতাশা বিরাজ করছে।
নিহত কলেজছাত্র ও ছাত্রলীগকর্মী মোহাম্মদ আলী শাবাবের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দেখা করে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়েছে। নিহত অপর স্কুলছাত্র নাহিদ আহমদ মাহির পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। এ পর্যন্ত তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৭ ডিসেম্বর সন্ধ্যার পর মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় ছাত্রাবাসের ফটকের সামনে প্রতিপক্ষের হামলায় নিহত হন মৌলভীবাজার সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ আলী শাবাব এবং মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী নাহিদ আহমদ মাহি।
এ ঘটনার দুদিন পর মোহাম্মদ আলী শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ মামলার এজাহারনামীয় ৩ জনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার দুই সপ্তাহেও মূল আসামিরা ধরা পড়েনি। শাবাবের মা সেলিনা ও বাবা আবু বকর সিদ্দিকী ১৭ ডিসেম্বর জেলা প্রশাসক তোফায়েল ইসলামের সঙ্গে দেখা করে আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে ওসি বলেন, দেশের বিভিন্ন জায়গায় অভিযান চলছে।
শিগগিরই মূল আসামি ধরা পড়বে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল।
আপনার মন্তব্য