০৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৮:৩৪
গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট চেম্বার কার্যালয়ে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আইসিটি ও টেলিকমিউনিকেশন সাব কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের পরিচালক ও সাব কমিটির আহবায়ক মুকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, আইসিটি খাতে দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সিলেটের কোম্পানীগঞ্জে দেশের সর্বপ্রথম হাই-টেক পার্ক নির্মাণের উদ্যোগ এ সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। তিনি উল্লেখ করেন, গত ৪ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক সিলেট হাই-টেক পার্কের আইটি বিজনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যা সিলেটের এখাতের উদ্যোক্তাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। এখানে প্রায় ৫০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান।
সভায় বক্তাগণ বলেন, সিলেট হাই-টেক পার্ক বাস্তবায়িত হলে তথ্য-প্রযুক্তি খাতে সিলেট তথা বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে যাবে। সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় নির্মাণাধীন হাই-টেক পার্কে প্রবাসীদের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তারা সিলেট হাই-টেক পার্কে স্থানীয় উদ্যোক্তাদের প্রাধান্য দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় সিলেট চেম্বার অব কমার্সের উদ্যোগে সিলেটে একটি আইসিটি মেলা ও এ সংক্রান্ত সেমিনার আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ, পরিচালক আব্দুর রহমান, পরিচালক ও সাব কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, হুমায়ুন আহমেদ, মুজিবুর রহমান স্বাধীন, সদস্য এ. এস. এম. জি. কিবরিয়া, মোহাম্মদ বিন আব্দুর রশিদ, তারেক হাসান, রায়হান মাসুদ, আহমদ মাসুদ হায়দার জালালাবাদী, ইফতেখার আহমদ চৌধুরী, নজিরুল আলম সুমন, মুহিব হোসেন, সাখাওয়াত আলী, জি. এম. আব্বাছ প্রমুখ।
আপনার মন্তব্য