২৫ এপ্রিল, ২০১৮ ০০:৩০
দীর্ঘদিন ধরেই সিলেটে শ্রম আদালত স্থাপনের দাবি জানানো হচ্ছে। পুণরায় সেই দাবি জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহিন।
মঙ্গলবার বার কাউন্সিলের নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ২ নম্বর বার হলে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) মনোনীত প্রার্থীদের পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
শাহিন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বাচিত হলে সিলেটে শ্রম আদালত প্রতিষ্টার ব্যাপারে উদ্যাগ গ্রহণ করবেন। দেশের ১৫৮টি চা বাগানের মধ্যে ১৩৪টি চা বাগানের অবস্থান সিলেট বিভাগে। বাগানগুলোতে সাড়ে ৪ লক্ষ শ্রমিক কাজ করেন। এছাড়া অন্যান্য শ্রমিকদের জন্যও সিলেটে শ্রম আদালত প্রয়োজন।
শাহিন বলেন, প্রশাসনিক ট্রাইব্যুনাল সিলেটে করা দরকার, যা ঢাকা ও বগুড়ায় রয়েছে। এছাড়া সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী সিলেটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ব্রেঞ্চ গঠন স্থাপন করা প্রয়োজন যাতে সিলেটের নবীন আইনজীবীরা হাইকোর্টের প্র্যাকটিস করে বিচারপতি হতে পারেন। কারণ হাইকোর্টের বিচারপতি হতে হলে কমপক্ষে ১০ বছর প্র্যাকটিস করতে হয়। এতে ঢাকায় হাইকোর্ট থাকায় শুধুমাত্র ঢাকার আইনজীবীরাই বিচারপতি হতে পারেন।
সিলেটে পৃথক পুর্ণাঙ্গ পরিবেশ আদালত নাই। পরিবেশ আদালত থাকলে পরিবেশের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া সম্ভব।
জেলা আইনজীবী সমিতির সদস্য সংখ্যা ক্রমবর্ধিষ্ণু এতেকরে নতুন কর্মসংস্থানের জন্য নতুন আদালত স্থাপন দরকার বলেও জানান এডভোকেট শাহীন।
আপনার মন্তব্য