২৭ জুন, ২০১৮ ১২:০৬
ঈদুল ফিতরের রাতে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় খুন হওয়া স্কুলছাত্র মশিউর রহমান তাসিন হত্যা মামলায় আরেক আসামী দীপু আহমদ ওরফে ডিপজলকে গ্রেপ্তার করেছে শাহপরাণ থানা পুলিশ।
গ্রেপ্তারের পর বুধবার (২৭ জুন) তাকে আদালতে প্রেরণ করা হলে সে নিজেকে জড়িত করে অন্যান্য আসামীদের নাম প্রকাশ করে আদালতে জবানবন্দি প্রদান করে।
দীপু আহমদ ওরফে ডিপজলকে সিলেট কোতোয়ালী থানাধীন কানিশাইল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার (২২ জুন) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মামলার ৩ আসামী এবং বুধবার (২০ জুন) ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছিল।
সেসময় জবানবন্দিতে আসামীরা বলেন, সিগারেট খেতে বাধা দেয়ার কারণে খুন করা হয়েছিল তাসিনকে।
প্রসঙ্গত, ঈদুল ফিতরে রাত ১০টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ মিতালি ফার্মেসির উল্টোদিকের গলির ভেতরে কয়েকজন মিলে তাসিনকে গলা ও গালে ছুরিকাঘাত করে। এ সময় তাসিন দৌড়ে মিতালি ফার্মেসির সামনে এসে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
আপনার মন্তব্য