২৮ জুন, ২০১৮ ১৮:১৮
মৌলভীবাজারের কমলগঞ্জে মাতৃদুগ্ধের বিকল্প হিসাবে নানা জাতের দুধ পরিহার করে জন্মের পর থেকে শিশুকে মাতৃদুগ্ধ খাওয়ানোর বিএমএস অ্যাক্ট-২০১৩ সম্পর্কে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৮ জুন) বেলা ১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের আয়োজনে ও জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান ঢাকার সহযোগিতায় এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা সজীব চৌহানের উপস্থাপনায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান।
কর্মশালায় মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন ও নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ও তার বিধিমালা ২০১৭ সম্পর্কে আলোচনা করা হয়। এই আইন অমান্য করলে শাস্তি সম্পর্কেও অবহিতকরণ করা হয় কর্মশালায়। কর্মশালায় বিশেষ ক্ষেত্রে নবজাতক শিশুকে মাতৃদুগ্ধের বিকল্প দুধ খাওয়া যায় সে বিষয়েও অবহিতকরণ করা হয়।
কর্মশালায় আলোচনা অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহিয়া, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতাদির হোসেন পিপিএম, সাংবাদিক আব্দুল হান্নান, মুজিবুর রহমান ও এম এ ওয়াহিদ রুলু।
কর্মশালায় উপজেলা বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য