সিলেটটুডে ডেস্ক

১৫ আগস্ট, ২০২৩ ২০:৩৩

গণতন্ত্রে বিশ্বাস করলে সহনশীল হতেই হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বহু দলে বিশ্বাস করি, তাহলে সহনশীল হতেই হবে। গণতন্ত্রে বিশ্বাস করলে একে অপরের প্রতি সহনশীল হতেই হবে। গণতন্ত্রে বিশ্বাস করব আর সহনশীল হব না, এটা গণতন্ত্রের চর্চা বলা যাবে না।

মঙ্গলবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আমরা যদি ৭১-কে মেনে নিই, সংবিধান মেনে নিই, গণতন্ত্রকে মেনে নিই, তারপর যদি রাজনীতি শুরু করা যায় এবং গণতন্ত্রকে যদি ধারণ করি, তাহলে আমাদের ভেতর যে দূরত্ব আছে সেটা কমে আসবে।

প্রধান বিচারপতি আরও বলেন, যে উদ্দেশ্য নিয়ে ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছিলেন, যে কারণে বঙ্গবন্ধু শহিদ হয়েছেন, আমার মনে হয় সেই লক্ষ্যটা পূরণ করতে পারব। আমার মতে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারপর আমাদের এগোতে হবে। অন্যথায় বারবার আমরা এই বিপদের সম্মুখীন হতেই থাকব।

আলোচনা অনুষ্ঠান শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ‍উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

এরআগে সকালে সুপ্রিম কোর্টে নির্মিত স্মৃতি চিরঞ্জীবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এ সময় তার সঙ্গে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত