সিলেটটুডে ডেস্ক

৩১ আগস্ট, ২০২৩ ১৮:৩১

ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৭ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৭৫ জন ঢাকার।

ডেঙ্গুতে চলতি আগস্ট মাসে মৃত্যু হয়েছে ৩৪২ জনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জনে। আর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮০৮ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি বছর ঢাকায় এ পর্যন্ত মোট ৫৮ হাজার ২১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭৫ জন, আর ঢাকার বাইরের এক হাজার ৪৩৩ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৬ জন ঢাকা সিটির এবং একজন ঢাকার বাইরের বাসিন্দা।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ২৩ হাজার ৮০৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ হাজার ২১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ৭৮৭ জন।

এছাড়া এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩ হাজার ৭৬৬ জন এবং ঢাকার বাইরের ৬১ হাজার ৭১ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

২০০০ সালে দেশে প্রথম ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ শুরু হয়। সে বছর ৯৩ জন প্রাণ হারান ডেঙ্গুতে। আর শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ৫৫১ জন রোগী।

আপনার মন্তব্য

আলোচিত