২৫ সেপ্টেম্বর, ২০২১ ২২:৫৮
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে কমলগঞ্জ থেকে তিন কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে গোপালনগরস্থ ধলাই খেয়াঘাট পয়েন্ট এলাকায় এই অভিযান হয়েছে।
শনিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সীমান্তবর্তী ৯ নম্বর ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর এলাকার মৃত তজমুল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (৩৫), একই এলাকার মৃত রিয়াসিত মিয়ার ছেলে মো. সালাহ উদ্দীন (২৬) ও আব্দুল মান্নানের ছেলে বকুল হোসেন (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মো. বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল মুন্সীবাজার গোপালনগর খেয়াঘাট এলাকার ত্রিমুখী পয়েন্টে একটি সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার-থ-১২-২৯৮৬) গতিরোধ করে। পরে অটোরিকশা তল্লাশি করে দুটি বস্তায় ৩ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এসময় ফয়সাল, সালাহ উদ্দীন ও বকুলকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মো. বদিউজ্জামান বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’
আপনার মন্তব্য