২৮ সেপ্টেম্বর, ২০২১ ২৩:০০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের একটি দোকান থেকে প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। এঘটনার ১০ ঘন্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে চার চোরকে আটক ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে বাদাঘাট বাজারের হাজী আব্দুর রাশিদ মার্কেটে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোর ৪টার দিকে বাজারের পাহারাদার (নিরাপত্তা কর্মীরা) চুরির ঘটনাটি দোকান মালিককে জানালে দোকান মালিক জহিরুল ইসলাম বাজারে আসেন। এরপর দোকানের ভেতর প্রবেশ করে দেখেন বিভিন্ন কোম্পানির ৮৫টি অ্যান্ড্রয়েড ফোন, শতাধিক মেমোরিকার্ড ও একটি এলইডি টিভিসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। তিনি বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানালে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে দুপুরে বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন নেতৃত্বে একদল পুলিশ উত্তর বড়দল ইউনিয়নের খাসতাল চড়গাও গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালসহ চুরির সাথে জড়িত ৪ চোরকে গ্রেপ্তার করে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, ‘দোকানে থাকা সিসি টিভি ফুটেজের সূত্র ধরে ১০ ঘন্টার অভিযানে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদীর অভিযোগের পর আটককৃদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আপনার মন্তব্য