কোম্পানিগঞ্জ প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি , ২০১৮ ২৩:২৪

ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে গর্ত ধসে দুই শ্রমিকের মৃত্যু

ফাইল ছবি

সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে পাথর কোয়ারিতে মাটি চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে তিনজন। রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলাগঞ্জের হাজিরডেগনা এলাকার সীমান্ত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জের মুরাদপুর এলাকার আসকর আলীর ছেলে রুহুল আমিন (২২) ও একই এলাকার হযরত আলীর ছেলে মতিবুর (৩২)।

এ ঘটনায় আহত হয়েছেন রুহেল (১৮), রফিকুল (১৬) ও ফিরোজ আলী(৪৫)। এদের মধ্যে ফিরোজ আলীল অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা ওসি (তদন্ত) দিলিপ নাথ জানান, ২ জনের মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। দুর্ঘটনাকবলিত গর্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের মালিকানাধীন বলে জানা গেছে।

স্থানীয় একটি সূত্র জানা যায়, ভোলাগঞ্জ কোয়ারির হাজিরডেগনা এলাকায় রাতে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাত সাড়ে ৯টায় গর্ত ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।

 

আপনার মন্তব্য

আলোচিত