সিলেটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০২৬ ২০:৫৫

নিজের সমাবেশে বক্তব্য দিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চিঠিতে আমন্ত্রণ শিশির মনিরের

ছবি: সংগৃহীত

নিজের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির। আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থী হলেন বিএনপির মো. নাছির চৌধুরী ও কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন।

গতকাল সোমবার এই দুই প্রার্থীকে চিঠি দেওয়া হয়েছে বলে শিশির মনির জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দেওয়া চিঠি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন।

চিঠিতে তাঁর তিনটি নির্বাচনী ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশে’ বক্তব্য দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী অন্য দুই প্রার্থী অথবা তাঁদের প্রতিনিধিদের তিনি বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৫ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকার দিরাই উপজেলার ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চবিদ্যালয় মাঠে, ৮ ফেব্রুয়ারি শাল্লা উপজেলার শাহীদ আলী উচ্চবিদ্যালয় মাঠে এবং ৯ ফেব্রুয়ারি দিরাই মিনি স্টেডিয়ামে তাঁর তিনটি ‘ঐক্য ও সম্প্রীতির সমাবেশ’ অনুষ্ঠিত হবে। চিঠিতে এই তিন সমাবেশে নাছির চৌধুরী ও নিরঞ্জন দাস অথবা তাঁদের মনোনীত প্রতিনিধিদের উপস্থিত থেকে বক্তব্য প্রদানের আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, এসব সমাবেশে অংশগ্রহণ দিরাই-শাল্লায় একটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

এ প্রসঙ্গে আজ বিকেলে নির্বাচনী এলাকার রাজানগর ইউনিয়নের রাজানগর বাজারে নিজের এক নির্বাচনী সভায় শিশির মনির বলেন, ‘আমি নিজে স্বাক্ষর করে চিঠি দিয়েছি। আমি মনে করি, তাঁরা সমাবেশে উপস্থিত থেকে নিজেদের পরিকল্পনা, দিরাই-শাল্লার জন্য তাঁরা কী করতে চান, সেটি তুলে ধরবেন। অন্যথায় ধরে নেব, দিরাই-শাল্লা নিয়ে তাঁদের কোনো পরিকল্পনা নেই, বক্তব্য নেই।’

বিএনপির প্রার্থী ও তাঁর কমী-সমর্থকদের উদ্দেশে শিশির মনির বলেন,‘কী পরিমাণ গালাগালি-বকাবকি করছেন আপনারা, এটা চিন্তা করা যায় না। তাঁদের এক নেতা আট মিনিটের বক্তব্যে ছয় মিনিট আমাকে নিয়ে বকাবকি করেছেন। এই রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। মানুষ এগুলো শুনতে চায় না। এগুলো বন্ধ করেন।’

বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী এই আসনের সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি এ আসনে আগে পাঁচবার জাতীয় সংসদ নির্বাচন এবং দুবার দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শিশির মনিরের চিঠির বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আইনজীবী নিরঞ্জন দাস সাবেক ছাত্র ইউনিয়ন নেতা। চিঠির বিষয়ে তিনি বলেন, ‘তাঁদের (শিশির মনির) রাজনৈতিক আর্দশ আর আমাদের রাজনৈতিক আদর্শ এক নয়। তাই সভায় যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা ভোটারদের কাছে আমাদের কথা তুলে ধরছি। আমাদের বক্তব্য উপস্থাপন করছি।’

উল্লেখ্য, মোহাম্মদ শিশির মনির ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি।

আপনার মন্তব্য

আলোচিত