একুশে বইমেলায় আসছে বনানী বাবলির প্রবন্ধ সঙ্কলন ‘সমাজদর্পণ ২০২৩-২০২৫’

 প্রকাশিত: ২০২৬-০১-২১ ১১:৫১:৩৫

নিজস্ব প্রতিবেদক:

কানাডাপ্রবাসী লেখিকা বনানী বাবলির নতুন বই ‘সমাজদর্পণ ২০২৩-২০২৫’ আসছে একুশে বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে।

বইটি প্রকাশ করছে মুক্তচিন্তায় মুক্তি স্লোগানধারী প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাংলা প্রকাশনী’।

বইটিতে লেখিকার ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত লিখিত বিভিন্ন প্রবন্ধ-নিবন্ধ, কবিতা, বই আলোচনাসহ বহুমাত্রিক প্রবন্ধ স্থান পেয়েছে। রয়েছে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরাসহ সমাজ-রাজনীতি-নারীসহ বিভিন্ন বিষয়ের লেখা।

বিভিন্ন বিষয়ের ৫০টি সমৃদ্ধ লেখনীর ২৭২ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা। বইয়ের বিক্রয়লব্ধ অর্থ গ্রামীণ পর্যায়ের পাঠাগারের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানানো হয়েছে। বইটি বিভিন্ন অনলাইন বুকস্টোরসহ বাংলা প্রকাশনীর ওয়েবসাইটে বিক্রয়ের জন্যে প্রদর্শিত হবে।

সমাজদর্পণ ২০২৩-২০২৫ বইয়ের বর্তমানে প্রি-অর্ডার চলছে। বাংলা প্রকাশনীর banglaprokashoni@gmail.com ইমেইলে যোগাযোগ করে এ-সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

‘সমাজদর্পণ ২০২৩-২০২৫’ বনানী বাবলির ষষ্ঠ গ্রন্থ। এরআগে তার লিখিত ও সম্পাদিত অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে—বাংলাদেশ তোমারই জন্য; Dr. Benu Prasad Barua: Biography of A Regional Scholar; শান্তিবাহিনীর সঙ্গে কয়দিন এবং কিছু ভালোবাসার গল্প; কথোপকথন: সবুজ ও অন্বেষা; এবং রাজনীতি ও সংবিধান প্রণয়ন: ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ — ড. বেণু প্রসাদ বড়ুয়া।

বইটির সম্পাদনার দায়িত্ব পালন করেছেন নঈমুল হক পারভেজ। প্রচ্ছদ করেছেন আবু হাসান।

ফেব্রুয়ারিতে প্রকাশিতব্য ‘সমাজদর্পণ ২০২৩-২০২৫’ বই সম্পর্কে প্রকাশক কবির আহমদ চৌধুরী বলেন, এ প্রবন্ধ সঙ্কলন একটা নির্দিষ্ট সময়ের বাংলাদেশের প্রতিচ্ছবি। রাজনৈতিক-সামাজিক ঝড়ঝাপটা, মুক্তিযুদ্ধের অমলিন চেতনা, নারীর অধিকার, মৌলবাদের অন্ধকার ছায়ায় আচ্ছাদিত সমাজের সত্যচিত্র থেকে শুরু করে এখানে আছে লেখিকার তীক্ষ্ণ সাহিত্যবোধ। এটা প্রবন্ধ সঙ্কলন বললেও আদতে বহুমাত্রিক লেখার যেন এক ক্ষেত্র। দীর্ঘ প্রবাস জীবন বনানী বাবলিকে বাংলাদেশের প্রতি যেন আরও বেশি আকুল করে তুলেছে; বইয়ের ফুটে উঠেছে সেটাই। এখানে রাজনীতি, মানবাধিকার, নারীর অতীত-বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আছে অনেক আলোচনা; আছে দেশ-বিদেশের সাহিত্য-সাহিত্যিক এবং তাদের সৃষ্টি নিয়ে আলোচনা। সমাজদর্পণ বইয়ের সময়কাল দুই বছরের একটা নির্দিষ্ট সময় দেখানো হলেও, এটা আদতে দুইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বকালে বসে মহাকালের রচনা যেন এটা।

আপনার মন্তব্য