প্রকাশিত: ২০২৬-০২-২৪ ১৩:২৬:২০
সিলেটটুডে ডেস্ক:
বিশিষ্ট ভাষা ও সাহিত্য গবেষক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ আর নেই।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় ঢাকার নয়াপল্টনে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এ সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
উদীচীর (একাংশ) প্রচার ও তথ্য প্রযুক্তি বিভাগের সম্পাদক মঞ্জুর মোর্শেদ মিল্টন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি তিনি।
ড. সফিউদ্দিন আহমদ ১৯৪১ সালের ১৯ অক্টোবর নরসিংদীর রায়পুরা উপজেলায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন। আইয়ুব বিরোধী আন্দোলনে দুইবার কারাবরণ করেছেন।
তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।
ড. সফিউদ্দিন আহমদ ২০১৬ সালের ডিসেম্বরে উদীচীর ২০তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হন। ২০২২ সালের জুন পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন।
অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ কেবল বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যের ওপরও অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। সমাজমনস্ক ও প্রগতিশীল চিন্তাচেতনার এই মৌলিক গবেষকের প্রয়াণে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে উদীচীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আপনার মন্তব্য