প্রকাশিত: ২০২৬-০৭-২২ ২৩:২১:২৭
মাসুদ পারভেজ রূপাই:
আমার সবকিছু ধোঁয়াশা মনে হয়
মনে হয় যেন কেবলি রাতের গহ্বরে ঢুকে যাচ্ছি
যেন এক বিবশ বিকেলের মুখোমুখি হয়ে আমার ফুরিয়েছে বেলা
কিংকর্তব্যবিমূঢ় হয়ে আমি সটান শুয়ে আছি চোখ দুটো খোলা রেখে
আর আমার চোখের উপর হেঁটে যাচ্ছে এক পৃথিবী কান্না
আমার সব হারিয়ে অনুভূতি কেবলই শুকনো পাতার মতো
উড়ে যাওয়াটাই নিয়তি হয়ে আসে
হঠাৎ মনে হয় এতক্ষণ কোথায় ছিলাম
কোন রাজ্যে ডুব দিয়ে কোন রাজ্যে এলাম
আমার কোন কিছুই...
একরাশ বিষণ্ণতা আর দীর্ঘশ্বাস বুকে জমে
শেষমেশ বেরিয়ে আসে আততায়ী অনুভূতি
দুপুরের ঘুমে বিকেল পেরিয়ে সন্ধ্যার ক্ষণে
নিজেকে মনে হয় ক্ষণিকের পথচারী
একটা ফুল নিতে এসে এখানে হারিয়ে গিয়েছি
বেপথু পথিকের মতো খেই হারিয়ে পথের
নিজেকে অলস ক্যারিকেচার ভেবে নিয়েছি
অতঃপর হারিয়ে খুঁজে হারানো দিনের ফসিল
প্রশ্ন জাগে মনে, ঘুমের ঘোরে আমার মৃত্যু হলো না কেন;
এই বিপন্ন বসুন্ধরায় ঘুমের শেষে আমি কে!
আপনার মন্তব্য