অবশেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান

 প্রকাশিত: ২০২৬-০২-২৮ ১৪:৪৭:২৩

 আপডেট: ২০২৬-০২-২৮ ১৬:০২:৩৫

ছবি: সংগৃহীত

সিলেটুডে ডেস্ক:

অবশেষে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে কবি মোহন রায়হানকে। আগামী ২ মার্চ সকাল ১১ টায় বাংলা একাডেমিতে তাকে এ পদক প্রদান করা হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফসানা মিমি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, কবি মোহন রায়হানকে পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়ার পর থেকে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান স্থগিত রেখে অভিযোগগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনার লক্ষ্যে গত ২৭ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব উপস্থিত ছিলেন। সভায় বিস্তারিত পর্যালোচনার পর মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এতে কবিতা ক্যাটাগরিতে কবি মোহন রায়হান মনোনীত হন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে মোহন রায়হানকে পুরস্কার দেয়নি বাংলা একাডেমি।

এদিকে কবি মোহন রায়হান তার ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।'

পুরস্কার গ্রহণের প্রস্তুতি ও শেষ মুহূর্তে তা বাতিলের ঘটনা বর্ণনা করে তিনি পোস্টে আরও উল্লেখ করেন, 'গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার 'তাহেরের স্বপ্ন' কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।'

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানিয়েছিলেন, তার লেখা ও কবিতা সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখার স্বার্থে সাময়িকভাবে পুরস্কার স্থগিত করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ ব্যাপারে জানানো হবে।

 

আপনার মন্তব্য