প্রকাশিত: ২০২৬-০৫-১৭ ২০:৫০:৫১
নিজস্ব প্রতিবেদক:
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত বইমেলায় প্রকাশ পেয়েছে উজ্জ্বল মেহেদীর প্রথম কাব্যগ্রন্থ ‘মধ্য-মাদানের নিচে’। চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত বইটি রবিবার চৈতন্য স্টলে পাওয়া যাচ্ছে। ‘মধ্য-মাদানের নিচে’ কাব্যগ্রন্থে ১০০টি কবিতা সংকলিত হয়েছে।
প্রকাশনা সংস্থা সূত্র জানায়, কাব্যগ্রন্থটি এবারকার ঢাকায় একুশে বইমেলায় প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু মেলার পরিসর সংক্ষিপ্ত হওয়ায় সিলেট বইমেলায় বইটি প্রকাশ হয়েছে। বইটিতে সেই শূন্যদশকের কবিতাও স্থান পেয়েছে। প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। সিলেট বইমেলার পর চৈতন্য বুক ক্যাফেসহ দেশের বিভিন্ন বই বিপনন কেন্দ্রে ও অনলাইন প্লাটফরম ‘রকমারি’তে পাওয়া যাবে।
বইটির প্রকাশনা সম্পর্কে চৈতন্য প্রকাশনের সত্তাধিকারী ও প্রকাশক পরিষদ সিলেটের সদস্য রাজীব চৌধুরী বলেছেন, ‘উজ্জ্বল মেহেদী দীর্ঘ লেখালেখি ও সাংবাদিকতা জীবনে খুব বেশি কবিতা লিখেছেন, এমন নয়। বই হতে পারতো আরও প্রায় অর্ধ যুগ আগে। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রকম অনুভূতি তাকে কবিতা লিখিয়ে নিয়েছে, তাতে একটা কবিতা থেকে আরেকটা কবিতার দীর্ঘ বিরতিও রয়েছে। তিনি লিখেছেন তখনই, যখন কবিতা এসেছে। জোর করে নয়।’
প্রসঙ্গত, পেশায় সাংবাদিক উজ্জ্বল মেহেদী বাংলাদেশের জলাভূমির উপাখ্যান নিয়ে ‘জলোপাখ্যান’ সিরিজ গ্রন্থ লিখছেন। প্রথম গ্রন্থ ২০২৩ সালের বইমেলায় ‘জলজীবিকিার জলোপাখ্যান : বারিক, জন বারিক’ প্রকাশ হয়। বইটি এতদাঞ্চলে প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী বারকি নৌকার উদ্ভাবন-অনুসন্ধানমূলক। দ্বিতীয় গ্রন্থ বিদ্যুৎ সাশ্রয়ে সুনামগঞ্জ পৌর শহরে পূর্ণিমারাতে স্ট্রিটলাইট নিভিয়ে জোছনা উপভোগভিত্তিক ‘জলজোছনার জলোপাখ্যান : মউজ, মজে মউজ’। এটি প্রকাশ হয় ২০২৪ সালে ঢাকায় একুশে বইমেলায়।
জলোপাখ্যান সিরিজের তৃতীয় গ্রন্থ ‘জলমহালের জলোপাখ্যান : লর্ড , ওয়াটার লর্ড’ প্রকাশের অপেক্ষায় রয়েছে।
এছাড়া, জুলাই গণঅভ্যুত্থ্যানের পর নির্বাসনে থাকা বাংলাদেশের প্রাক্তন বিচারপতি এস কে সিনহার প্রথম সাক্ষাৎকারসহ কিছু আলোচিত রিপোর্ট নিয়ে ‘আরেক রেভ্যুলুশন’ নামে আরেকটি গ্রন্থ ২০২৫ সালের বইমেলায় প্রকাশ হয়।
আপনার মন্তব্য